বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, রাজধানী মানামার কাছে জুফায়র এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
শনিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
আইআরজিসির দাবি, ইরানের কেশম দ্বীপে একটি পানির স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেন, ওই মার্কিন হামলার ফলে অন্তত ৩০টি গ্রামের পানি সরবরাহ ব্যাহত হয়েছে।
এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় দেশটির বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।



