tanaka
প্রচ্ছদসারাদেশবাগেরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩ জনের

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩ জনের

বাগেরহাটের রামপাল উপজেলায় ইফতারের আগে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বাকি ৪ জনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহতদেরও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাস বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল গণমাধ্যমকে জানান, চারজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেনাজ মোশাররফ বলেন, হাসপাতালে নারী ও শিশুসহ ৯ জনের মরদেহ রয়েছে। এর মধ্যে ৮ জনকে মৃত অবস্থায় আনা হয়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল, পরে তিনি মারা যান।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।