বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি মায়ের ভাষা হিসেবে মানা হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। তিনি বলেন, “ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।”
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, “এ কথা বলায় হয়তো আমাকে ভারতের দালাল বানানো হবে। তবুও বলব, মুক্তিযুদ্ধে যেতেই আমি এ কথা বলেছি। দেশকে ভালোবাসতে শুধু বক্তৃতা নয়, পরিশীলিত হতে হবে। তবেই বাংলা ভাষা রক্ষা করা সম্ভব।”
তিনি ইতিহাসের গুরুত্ব তুলে ধরে বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের পরও আমরা ভাষাকে সুরক্ষিত করতে পারিনি, কারণ আমরা ইতিহাসের যত্নবান ছিলাম না। যে জাতি তার ইতিহাস জানে না, সে জাতি উন্নতি করতে পারে না। নিজের ভাষা জানার চেষ্টা না করলে জাতীয়তাবাদও জন্ম নেয় না।”
মন্ত্রী যোগ করেন, “আজকালকের ছাত্ররা ‘ইনকিলাব’ বলে। কিন্তু এটি আমাদের ভাষা নয়; এটি সেই ভাষা, যা আমাদের কেউকে দমন করতে চেয়েছিল। আমি নিজেকে মাথার চুল থেকে পা পর্যন্ত জাতীয়তাবাদী মনে করি, এজন্যই মুক্তিযুদ্ধে জীবন দিয়েছি।”
তিনি ভাষা ও সংস্কৃতির প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, “নিজেকে, নিজের ভাষা, সংস্কৃতি ও দেশকে ভালোবাসতে হবে। শুধু ফুল দিয়ে বা গান গাইলে কাজ হবে না; নিজের সংস্কৃতি নিজে গড়ে তুলতে হবে।”
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ করুণা রানী সাহা। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এর আগে ভোররাত ১২টা ১ মিনিটে মন্ত্রী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।



