tanaka

ডিসেম্বর ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা চলছে নানা হিসাব-নিকাশ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ‘ডিসেম্বর’। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে...
প্রচ্ছদটপ নিউজবাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণে তাঁর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিদেশি বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

বৈঠকে সৌদি প্রতিনিধিদল জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি আধুনিক ‘বে টার্মিনাল’ নির্মাণে আগ্রহী। পাশাপাশি দেশের বন্দর খাতে তাদের মোট বিনিয়োগ ধাপে ধাপে ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিনিধিদল আরও জানায়, সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বন্দর, রেলওয়ে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করেছে। ভবিষ্যতে এ বিষয়ে দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে।

জবাবে প্রধানমন্ত্রী সরকারের বিনিয়োগবান্ধব নীতি, অবকাঠামো উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশের জন্য সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।

প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, তাঁকে স্বাগত জানাতে তারা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রাবউল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

সৌদি প্রতিনিধিদলে আরও ছিলেন বিনিয়োগ উন্নয়ন বিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদের সিইও আমের রেদা, রেড সি গেটওয়ে টার্মিনালের সিইও লার্স ভ্যাং, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন আবিয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।