tanaka
প্রচ্ছদরাজনীতিবাংলাদেশে পিআরের প্রয়োজন নেই: মির্জা ফখরুল

বাংলাদেশে পিআরের প্রয়োজন নেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির প্রয়োজন নেই। বিএনপি এ পদ্ধতির পক্ষে নয়। তিনি জানান, জুলাই সনদ নিয়ে আলোচনায় ইতোমধ্যে অনেক বিষয়ে বিএনপি একমত হয়েছে, সেগুলো সামনে আনলেই যথেষ্ট।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “যেটাই করা হোক না কেন, জনগণের সমর্থন সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণের ভোটে নির্বাচিত সংসদই সংবিধান পরিবর্তন বা সংশোধনী আনার ক্ষমতা রাখে।”

তিনি আরও বলেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া গণতন্ত্রের জন্য অযথা চাপ সৃষ্টি করে, যা কোনোভাবেই শুভ নয়। বিএনপি এখন পর্যন্ত ৫ আগস্টের পর থেকে কোনো ইস্যুতে রাজপথে নামেনি। সব সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই করতে চাই এবং বিশ্বাস করি আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব।

১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নেই।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “আমি নিজেও এখনো জানি না সেখানে আমাদের ভূমিকা কী হবে। ড. ইউনূসের সঙ্গে এ বিষয়ে কথা হয়নি। তবে আমার মনে হয়, গণতন্ত্রের উত্তরণই সেখানে প্রধান গুরুত্ব পাবে, পাশাপাশি দেশের উন্নয়ন প্রসঙ্গও আলোচনায় আসবে।”