tanaka
প্রচ্ছদজাতীয়৫০ লাখ প্রবাসীর ভোট নিশ্চিত করতে ইসির উদ্যোগ, খরচ ৪০০ কোটি টাকা

৫০ লাখ প্রবাসীর ভোট নিশ্চিত করতে ইসির উদ্যোগ, খরচ ৪০০ কোটি টাকা

বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন। তাদের মধ্যে অন্তত ৫০ লাখ ভোটারকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছে কমিশন। গড়ে প্রতিটি ভোটারের জন্য খরচ ধরা হয়েছে ৭০০ টাকা।

প্রথমবারের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে সচল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে। নিবন্ধন শেষে ডাকযোগে ব্যালট পাঠানো হবে ভোটারের ঠিকানায়। ভোটার নির্দিষ্ট ব্যালটে ভোট দিয়ে তা খামে ভরে রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় পাঠিয়ে দেবেন। এসব ব্যালট ভোটের দিন সংশ্লিষ্ট আসনের ভোটের সঙ্গে গণনা করা হবে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে যাচ্ছি। ১ কোটি ৩০ লাখ প্রবাসীর মধ্যে অন্তত ৫০ লাখের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

কমিশন জানিয়েছে, প্রবাসীদের ভোটগ্রহণ দেশের মূল নির্বাচনের অন্তত ২০ দিন আগে অনুষ্ঠিত হবে। প্রবাসীরা যেখানে নিবন্ধিত, সেই ঠিকানায় ব্যালট ও প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছে দেওয়া হবে।

ইসি আরও জানায়, প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি বেশি এমন ৪০টি দেশে এই কার্যক্রম চালানো হবে। এর মধ্যে রয়েছে—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, লেবানন, জর্ডান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ আরও দেশ।

সবচেয়ে বেশি প্রবাসী রয়েছেন সৌদি আরবে—৪০ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন। অন্যদিকে সবচেয়ে কম রয়েছেন নিউজিল্যান্ডে, মাত্র ২ হাজার ৫০০ জন।

কমিশনের হিসাব অনুযায়ী, প্রবাসীদের প্রায় ৭০ শতাংশের এনআইডি রয়েছে। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ ভোটার সাড়া দেবেন বলেই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।