দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার পর রাজধানীতে এসে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ব্যক্তির সম্ভাব্য আশ্রয়স্থলগুলোতে ইতোমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে। শিগগিরই শুরু হবে চিরুনি অভিযান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা চালিয়ে ঢাকায় পালিয়ে আসা ব্যক্তিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেফতার করা হয়েছে। যারা রাজধানীতে আশ্রয় নিয়ে আত্মগোপনে রয়েছেন, তাঁদের শনাক্ত করে গ্রেফতারে দ্রুত চিরুনি অভিযান শুরু করা হবে।
রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে নিয়াজ মেহেদী বলেন, বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন এবং পুলিশের টহল বাড়ানো হয়েছে। নাশকতার উদ্দেশ্যে কেউ বের হলে তাঁকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব কার্যক্রমের লক্ষ্য। রাজধানীতে নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।
তিনি জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় মোট ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।
এ সময় ঘটনাস্থলগুলো থেকে বিস্ফোরিত ছয়টি ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপির এই কর্মকর্তা বলেন, এসব স্থাপনাকে কেপিআই হিসেবে চিহ্নিত করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারি করছেন।
সাইবার জগতেও পুলিশের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে উল্লেখ করে নিয়াজ মেহেদী বলেন, মাঠপর্যায়ে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। নাশকতার যেকোনো চেষ্টা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত রয়েছে।
এদিকে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়। নাশকতাসহ বিভিন্ন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে বারিধারার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।



