বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমর্থন রয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আমাদের বার্তা একটাই—আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধারের এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে গণতান্ত্রিক দেশগুলোর পূর্ণ সমর্থন রয়েছে।”
জাতিসংঘ সফর নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা সফরসঙ্গী হয়েছিলাম। সেখানে আমাদের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। আমাদের এ সফর সফল হয়েছে, বাংলাদেশের কথা আমরা বিশ্বের কাছে তুলে ধরতে পেরেছি।”
জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি অনুষ্ঠিত বিভিন্ন বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “এই বৈঠকগুলো বাংলাদেশের জন্য এবং গণতন্ত্রের জন্য অত্যন্ত ইতিবাচক হয়েছে।”
নিউইয়র্কের বিমানবন্দরে তার সঙ্গে ঘটে যাওয়া অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “এসব ঘটনাকে আমরা বড় করে দেখিনা। এগুলো আওয়ামী লীগের একটি পুরনো সংস্কৃতি, ইচ্ছাকৃতভাবেই এমন পরিস্থিতি তৈরি করা হয়।”
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে যান মির্জা ফখরুল। সফর শেষে প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফেরেন।



