tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের আসন ছিনিয়ে নিলো ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের আসন ছিনিয়ে নিলো ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের কাছ থেকে আসন ছিনিয়ে নিতে শুরু করেছে ডেমোক্র্যাটরা। সিনেটে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের আসনটি রিপাবলিকানদের হাতছাড়া করে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার। অন্যদিকে জর্জিয়া অঙ্গরাজ্যে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট সিনেটর জন অসফ।

জর্জিয়ায় জন অসফের জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে রিপাবলিকান শিবির আশা করেছিল, সেখানে প্রতিদ্বন্দ্বিতা আরও হাড্ডাহাড্ডি হবে। শেষ পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থীর জয় দলটির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এবারের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসন এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরসহ স্থানীয় পর্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

বর্তমানে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ—উভয়টির নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ডেমোক্র্যাটদের অন্তত চারটি আসন বাড়াতে হবে। অন্যদিকে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে দলটির প্রয়োজন আরও তিনটি আসন।

এদিকে প্রতিনিধি পরিষদেও রিপাবলিকানদের কাছ থেকে দুটি আসন ছিনিয়ে নেওয়ার পথে রয়েছে ডেমোক্র্যাটরা। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, কেনটাকিতে জ্যাক ডেম্বো এবং নিউ জার্সিতে রেবেকা বেনেট জয়ী হয়েছেন।

নিউ জার্সিতে জয় পাওয়া রেবেকা বেনেট যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক হেলিকপ্টার পাইলট। তার এই জয় রিপাবলিকানদের কাছ থেকে আসনটি পুনরুদ্ধারে ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের মোট আসন ৪৩৫টি। এখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ২১৮টি আসন। প্রতিনিধি পরিষদের সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হন। সাধারণত আইন প্রণয়নের প্রস্তাব প্রথমে এই কক্ষে উত্থাপন ও আলোচনা করা হয়। পরে তা অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান ও সিবিএস নিউজ।