সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশসহ বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য ৫ বছরের মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে। এই ভিসা একবার ইস্যু হলে পাঁচ বছরের মধ্যে নতুন করে আবেদন ছাড়াই ইচ্ছামতো একাধিকবার দেশটিতে ভ্রমণ করা যাবে।
দেশটির জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেইনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে, প্রতিবার ভ্রমণে একজন পর্যটক সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন। বিশেষ ক্ষেত্রে এই সময়সীমা বাড়ানো সম্ভব হলেও, এক বছরে মোট অবস্থান ১৮০ দিনের বেশি হতে পারবে না।
তবে এই ভিসা পেতে আবেদনকারীকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে অন্যতম হলো, আবেদনকারীর ব্যাংক হিসাবে গত ৬ মাস ধরে কমপক্ষে ৫ লাখ টাকা সমপরিমাণ অর্থ থাকতে হবে।
ভিসার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭১৩ আমিরাতি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৭ হাজার টাকা।
আবেদন করা যাবে সংযুক্ত আরব আমিরাতের ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এছাড়া কাস্টমার হ্যাপিনেস সেন্টার এবং আমের সার্ভিস সেন্টার থেকেও আবেদন জমা দেওয়া যাবে।
জানা গেছে, আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বৃদ্ধি এবং পর্যটন খাতকে আরও গতিশীল করতেই এই ৫ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত।



