ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে নতুন করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন অবকাঠামো এবং উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। খবর শাফাক নিউজের।
সেন্টকমের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এ অভিযানের উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা। বিশেষ করে হরমুজ প্রণালিতে বেসামরিক ও বাণিজ্যিক জাহাজের জন্য সম্ভাব্য হুমকি কমিয়ে আনতে উপকূলীয় প্রতিরক্ষা ও ড্রোন সক্ষমতার ওপর হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।
এর আগে বুধবারও যুক্তরাষ্ট্র দাবি করেছিল, প্রায় ৯০ মিনিটের এক সামরিক অভিযানে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং গ্রেটার তুনব দ্বীপের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তবে এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ইরানের পক্ষ থেকে এসব হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এছাড়া হামলায় ঠিক কোন কোন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে সম্পর্কেও তেহরান কোনো তথ্য প্রকাশ করেনি।



