সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়াতে বড় ধরনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বৃহত্তর বগুড়ায় মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) উৎপাদনের জন্য একটি আধুনিক কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি সংযোজন এবং সামরিক বাহিনীর সামগ্রিক সক্ষমতা বাড়াতে জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সেনাবাহিনীর আধুনিকায়নের পরিকল্পনা বাস্তবায়নে আগামী ১০ বছরে প্রায় ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভরশীল ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে। একই সঙ্গে জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি) শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।



