ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু সোমবার (৬ অক্টোবর) পদত্যাগ করেছেন। দায়িত্ব গ্রহণের মাত্র ২৬ দিনের মাথায় নতুন মন্ত্রিসভার তালিকা প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে তিনি এ সিদ্ধান্ত নেন।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মূলত, বাজেট পাস করাতে ব্যর্থতা ও ঋণ সংকটের মধ্যে বিভক্ত পার্লামেন্টের চাপেই তিনি সংকটে পড়েন।
রবিবার সন্ধ্যায় লেকর্নু নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন। তবে এতে আগের সরকারের অনেক সদস্যকে রাখা হয়, যা বিরোধী ও সমর্থক উভয় পক্ষের অসন্তোষ ডেকে আনে। তালিকা প্রকাশের মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে লেকর্নু বলেন, “আমি আপস করতে প্রস্তুত ছিলাম, কিন্তু প্রতিটি রাজনৈতিক দল চেয়েছিল অন্য পক্ষ তাদের পূর্ণ কর্মসূচি মেনে নিক।”
এদিকে, এলিসি প্রাসাদ (প্রেসিডেন্টের দপ্তর) জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে আলোচনা চলছে, তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। লেকর্নু ছিলেন ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদের পঞ্চম প্রধানমন্ত্রী। তার স্বল্পমেয়াদী শাসনামলে মন্ত্রিসভা গঠনই হয়ে উঠেছিল প্রধান রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু।



