tanaka
প্রচ্ছদজাতীয়ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার রাজনৈতিক ও সংসদীয় যোগাযোগ আরও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও ফ্রান্সের তিন সিনেটর।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

ফ্রান্সের সিনেটর গিয়োম শেভরোলিয়ে, পিয়েরে-আলাঁ রোয়ারন ও অলিভিয়ে হেনো তিন দিনের সরকারি সফরে শনিবার রাতে ঢাকায় পৌঁছান। ফ্রান্স-দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাংলাদেশ সিনেট ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য হিসেবে তারা বাংলাদেশ সফর করছেন।

বাংলাদেশে নতুন গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর ফ্রান্সের রাজনৈতিক পর্যায়ের এটিই প্রথম সফর। ফলে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন ইস্যুতে মতবিনিময়ের পাশাপাশি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন দুই পক্ষ। সফরকালে ফরাসি সিনেটরদের বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তারা। পাশাপাশি বাংলাদেশে ফ্রান্সের উন্নয়ন সহযোগিতার আওতায় পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন, জাদুঘর ঘুরে দেখা এবং ঢাকায় বসবাসরত ফরাসি নাগরিকদের সঙ্গে মতবিনিময় করবেন ফরাসি সিনেটররা।

এ ছাড়া বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও তাদের বৈঠক করার কথা রয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে দুই দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ক্রিশ্চিয়ান বেক উপস্থিত ছিলেন।