স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে দেশে বর্তমানে সরাসরি ব্যবস্থা নেওয়ার কোনো আইনি বিধান নেই। ফলে সরকার কেবল অনুরোধের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিতে পারে।
সোমবার (৮ জুন) জাতীয় সংসদে সংসদ সদস্য বেগম হেলেন জেরিন খানের (সংরক্ষিত মহিলা আসন-৯) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রশ্নে জেরিন খান জানতে চান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, বটনিয়ন্ত্রিত অ্যাকাউন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট, রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং নারী হয়রানি প্রতিরোধে সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে বিদ্যমান সাইবার আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত আইনে অপরাধের জন্য উপযুক্ত শাস্তির বিধান যুক্ত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে আরও কার্যকর জবাবদিহিতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, সরকার চায় অভিযোগ বা অনুরোধ পাওয়ার পর সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো দ্রুত ব্যবস্থা নিয়ে ক্ষতিকর কনটেন্ট অপসারণ করুক। তবে বর্তমানে অনেক ক্ষেত্রে অনুরোধ পাঠানোর পরও কনটেন্ট সরাতে দীর্ঘ সময়, কখনও কখনও ছয় মাস পর্যন্ত লেগে যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে বর্তমানে বিভিন্ন ধরনের অপতথ্য ও অপপ্রচার ছড়িয়ে দেওয়া হচ্ছে। রাজনৈতিক নেতা, জননেতা এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নিয়েও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার আইনি ক্ষমতা না থাকায় সরকার বর্তমানে কেবল অনুরোধের পথেই পদক্ষেপ নিতে পারে। এ সীমাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় আইন সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।



