প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে, এবং সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
শফিকুল আলম বলেন, “নির্বাচন নিয়ে অতীতে যেসব সংশয় ছিল, সেগুলো এখন কেটে গেছে। জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত।”
জুলাই সনদ প্রসঙ্গে তিনি জানান, “এই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। তবে এখন সবাই একমত হয়েছে। খুব শিগগিরই দলগুলো বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও বলেন, “১৫ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষরের ঘোষণা এসেছে। স্বাক্ষরের পর দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করবে। ইতোমধ্যে কয়েকটি দল প্রার্থী মনোনয়নের কাজ শুরু করেছে।”
নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আশাবাদ প্রকাশ করে প্রেস সচিব বলেন, “পূর্বের নির্বাচনে নানা বিতর্ক থাকলেও এবারের নির্বাচন হবে স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষ। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হিসেবে বিবেচিত হবে।”



