আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব ও কমিশনের সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই তারা প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দেবে। এছাড়া আগামী রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে কমিশন। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গঠিত ছয় সদস্যবিশিষ্ট কমিটির প্রস্তাবও উপস্থাপন করা হয়।
ড. ইউনূস বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্বগুলোর একটি হলো সংস্কার। তাই নির্বাচন ও বিচারের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নকেও সমান গুরুত্ব দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারির নির্বাচন কেবল সাধারণ নির্বাচন নয়, এটি হবে একটি ফাউন্ডেশনাল ইলেকশন। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথচিত্র। তাই নির্বাচনের আগে মৌলিক সংস্কারগুলো নিশ্চিত করা জরুরি। মাথায় রাখতে হবে—ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প আমাদের হাতে নেই।’
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
অন্যদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও বৈঠকে অংশ নেন।



