নির্বাচন নির্ধারিত সময়েই—ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে—অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, “নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। এটি সরকারের একটি সুস্পষ্ট অঙ্গীকার।”
আজ শুক্রবার মাগুরার শ্রীপুরে কবি ফররুখ আহমেদের পৈতৃক বাড়ি পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত ও মন্তব্যে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে কিনা—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রাজনৈতিক দল থাকলে মতভেদ থাকবেই। সেটিই তো গণতন্ত্রের সৌন্দর্য। তবে নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই। কেউ ইচ্ছাকৃতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করলেও তা সফল হবে না।”
আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন প্রেসসচিব। তিনি বলেন, “এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবে এবং দেশের রাজনৈতিক অগ্রযাত্রা নির্ধারণে বড় ভূমিকা রাখবে।”



