বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন গণহত্যাকারী ও ২০২৪ সালের গণহত্যাকারী কোথায় যেন এক হওয়ার চেষ্টা করছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, “আমরা এখন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। ৭১ সালে যারা বাংলাদেশ চায়নি এবং গণহত্যা চালিয়েছিল, আর ২৪ সালে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে—এই দুই শক্তি যেন মিলে যাওয়ার চেষ্টা করছে। বাতাসে নানা ইঙ্গিত ছড়িয়ে পড়ছে। কিন্তু মনে রাখতে হবে, গণহত্যাকারীরা হলো অশুভ শক্তি। এর একজন প্রকাশ্যে আছে, আরেকজন অপ্রকাশ্যে। বিএনপি নির্বাচনে ভালো করবে, এটা তারা মানতে পারছে না।”
তিনি আরও বলেন, “কীভাবে নির্বাচন ঠেকানো যায়, তার জন্য নতুন নতুন বয়ান আনা হচ্ছে। এসব বয়ানের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। নির্বাচন যাতে না হয়, সেজন্য নানা বাধা সৃষ্টি করা হচ্ছে। আমি বলব—অশুভ শক্তি তাদের রাজনৈতিক কর্মসূচি জনগণের সামনে আনুক, তাতে আপত্তি নেই। কিন্তু নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন বন্ধ করলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে, আর তখন আধিপত্যবাদী শক্তি সুযোগ নেবে, যারা কখনোই বাংলাদেশের মঙ্গল চায় না।”
নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, “দীর্ঘ ১৬ বছর আমরা লড়াই করেছি, নেতাকর্মীরা রাস্তায় শহীদ হয়েছেন, ছাত্ররা শহীদ হয়েছেন। জুলাই-আগস্ট আন্দোলনের মূল কথা—স্বৈরাতন্ত্রের বিদায়। স্বৈরাতন্ত্র বিদায় হলে গণতন্ত্রের আগমন ঘটবে। আর গণতন্ত্রের উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন।”
তিনি আরও যোগ করেন, “যদি আমরা নির্বাচনের বিরোধিতা করি, তবে আমরা স্বৈরাতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে চিহ্নিত হবো। শেখ হাসিনা তিনটি ভণ্ডামির নির্বাচন করেছেন, যা কোনোভাবেই প্রকৃত নির্বাচন ছিল না।”
কৃষকদলের সাবেক আহ্বায়ক দুদু বলেন, “বাংলাদেশকে রক্ষা করতে হলে শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমান ছাড়া বিকল্প কোনো শক্তি নেই। আমি নিশ্চিত, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়েই সবকিছুর ফয়সালা হয়ে যাবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শহীদুল্লাহ সিদ্দিকী। এসময় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব এড. আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতুল্লাহ, আলহাজ্ব শামসুল হুদা, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ আরও অনেকে।



