ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় চার পশ্চিমা দেশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
রোববার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম এবং তাদের জনগণের সংগ্রামকে সমর্থন জানিয়ে আসছি। তাই এই চার দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ।”
তিনি জানান, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগালের স্বীকৃতি ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তবে ফিলিস্তিনিদের সামনে এখনও দীর্ঘ পথ বাকি রয়েছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। তিনি আরও জানান, “বিশ্বের আরেক প্রভাবশালী দেশ ফ্রান্সও শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে জানা গেছে। যদি তা ঘটে, তাহলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারটির স্বীকৃতি পাবে ফিলিস্তিন।”
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেন।



