tanaka
প্রচ্ছদজাতীয়আ.লীগ এভাবে পালাবে, কোনো জ্যোতিষী-গোয়েন্দা সংস্থাও ভাবেনি: ধর্মমন্ত্রী

আ.লীগ এভাবে পালাবে, কোনো জ্যোতিষী-গোয়েন্দা সংস্থাও ভাবেনি: ধর্মমন্ত্রী

পৃথিবীর কোনো জ্যোতিষী বা গোয়েন্দা সংস্থাও ভাবেনি আওয়ামী লীগ এভাবে পালিয়ে বিদায় নেবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ধর্মমন্ত্রী বলেন, ‘পৃথিবীর কোনো জ্যোতিষী, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থাও চিন্তা করেনি আওয়ামী লীগ এভাবে পালিয়ে বিদায় নেবে। আমার আল্লাহ যা চান, তাই হবে।’

১৯৭৫ সালের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘মাত্র কয়েকজন কর্মকর্তা একটি বিশাল ঘটনা ঘটিয়েছিল। সেদিন শেখ মুজিব, তার পরিবার ও আওয়ামী লীগকে রক্ষার জন্য বিশাল রক্ষীবাহিনী অপেক্ষা করছিল। কিন্তু সেই রক্ষীবাহিনী টুঁ শব্দও করেনি। আল্লাহ যা চান, তাই হয়। আল্লাহর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস থাকতে হবে।’

মিলাদুন্নবীর গুরুত্ব তুলে ধরে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, মহান আল্লাহ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে দূত ও রহমত হিসেবে প্রেরণ করেছেন। তাঁর জীবনের প্রতিটি দিক ও অধ্যায় মানুষের জন্য আলোকবর্তিকা।

তিনি বলেন, কুরআন ও হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে পারলে ইহকাল ও পরকালে সাফল্য অর্জন সম্ভব। রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও সুন্নাহ অনুসরণ করলে মানুষ পথভ্রষ্ট হবে না।

অনুষ্ঠানে হামদ, নাতে রাসুল, কেরাত ও মহানবী (সা.)-এর জীবনীর ওপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) শুধু মুসলমানদের জন্য নয়, শিক্ষকদের জন্যও আদর্শ।

মুসলমানরা জ্ঞানের সংজ্ঞা পরিবর্তন করে ফেলায় পিছিয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, জ্ঞানের সংজ্ঞা নতুন করে নির্ধারণ করতে হবে। রাসুলের কাছে জ্ঞান দুই ধরনের—ইলমে নাফে ও ইলমে গায়ের। যে জ্ঞান সমাজের উপকার ও পরিবর্তনে ভূমিকা রাখে, সেটিই ইলমে নাফে। আর যে জ্ঞান সমাজের কল্যাণে আসে না, তা সমাজের জন্য অকল্যাণকর।