বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতের কলকাতার দৈনিক এই সময়–কে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুলের বক্তব্য ছিল ‘অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ’।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করতে কষ্ট পাচ্ছি যে মির্জা ফখরুলের মতো প্রবীণ রাজনীতিবিদ এ ধরনের কথা বলতে পারেন। যদি তিনি সত্যিই এ বক্তব্য দিয়ে থাকেন, তবে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে আহ্বান জানাচ্ছি—জামায়াত কার কাছে আসন দাবি করেছে, তার প্রমাণ তিনি জাতির সামনে উপস্থাপন করুন।”
গোলাম পরওয়ার দাবি করেন, জামায়াত নিজস্ব নেতৃত্বের অধীনে পরিচালিত হয় এবং কারও কাছে আসন দাবি করার রাজনীতির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, প্রমাণ দিতে ব্যর্থ হলে মির্জা ফখরুলের জনগণের কাছে দুঃখ প্রকাশ করা উচিত।
বিবৃতিতে তিনি যোগ করেন, জামায়াতের রাজনীতি ও সংগঠনের মর্যাদা নিয়ে তাচ্ছিল্যের ভাষায় কথা বলার বিচার জনগণই করবে। জনগণের প্রতি আস্থা রেখে তিনি বলেন, জামায়াত দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে এবং আল্লাহর সন্তুষ্টিই তাদের চূড়ান্ত লক্ষ্য।
একই সঙ্গে বিএনপি মহাসচিবকে ভবিষ্যতে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।



