প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তির অর্থ ও সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, সরকার প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করছে। এর আওতায় বৃত্তির অর্থের পরিমাণ বৃদ্ধি এবং সুবিধাভোগীর সংখ্যা পুনর্নির্ধারণ করা হতে পারে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ বিরতির পর বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “বৃত্তি পরীক্ষার পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত। সরকারের লক্ষ্য হলো বৃত্তিসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা এবং শিক্ষা গ্রহণে উৎসাহিত করা। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও জানান, সরকারি ও বেসরকারি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণের বিষয়টিও বিবেচনায় রয়েছে, যাতে শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ আরও বাড়ে।
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, “কিছু শিক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। ভবিষ্যতে উপস্থিতি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করতে বিদ্যমান কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নতুন উদ্যোগও গ্রহণ করা হবে। অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের কিছু প্রত্যাশার কথা জেনেছি, যা পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে।”
দেশে শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য শিক্ষার হার ৯৬ শতাংশে উন্নীত করা। এ লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমও জোরদার করা হবে।
পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।



