tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়প্রাথমিকে বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা/থানা পর্যায়ে চার স্তরের কমিটি গঠন করেছে সরকার। এসব কমিটির নেতৃত্বে থাকবেন যথাক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

সোমবার (২২ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মো. লাল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের পর বদলি ও পদায়ন কার্যক্রম পরিচালনার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) রাজীব কুমার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় পর্যায়ে শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য সচিবকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে। এতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সদস্য এবং অতিরিক্ত সচিব (বিদ্যালয়) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করবে এবং আবেদন নিষ্পত্তি করে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রীর অনুমোদনের জন্য পাঠাবে।

আন্তঃবিভাগ শিক্ষক বদলির আবেদন নিষ্পত্তির জন্য বিভাগীয় কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। এতে বিভাগীয় উপপরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) ও সভাপতির মনোনীত দুইজন গণ্যমান্য ব্যক্তি সদস্য থাকবেন। বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সিটি করপোরেশন এলাকার বাইরে সহকারী শিক্ষকদের বদলির আবেদন বিভাগীয় কমিটির অনুমোদনের ভিত্তিতে নিষ্পত্তি হবে এবং সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) বদলির আদেশ জারি করবেন।

জেলা পর্যায়ে পদায়ন ও বদলির আবেদন নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা শিক্ষা কর্মকর্তা ও সভাপতির মনোনীত দুইজন ব্যক্তি সদস্য থাকবেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করে আবেদন নিষ্পত্তি করবে এবং কার্যবিবরণী বিভাগীয় কার্যালয়ে পাঠাবে। একই সঙ্গে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়নের দায়িত্বও জেলা কমিটির ওপর ন্যস্ত করা হয়েছে। একই জেলার মধ্যে বদলির আবেদন অনুমোদনের পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারি করবেন।

উপজেলা বা থানা পর্যায়ে শিক্ষক বদলির আবেদন নিষ্পত্তির জন্য ইউএনওকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সভাপতির মনোনীত দুইজন ব্যক্তি সদস্য হিসেবে থাকবেন। উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এই কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করে আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি করবে এবং প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাবে। একই উপজেলা বা থানার মধ্যে বদলির আবেদন অনুমোদনের ভিত্তিতে উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারি করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেসব বিদ্যালয়ে আগে ‘প্রতিস্থাপন সাপেক্ষে’ বদলির আদেশ দেওয়া হয়েছে, সেসব প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক পদায়ন নিশ্চিত করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬১৭ জন এবং শিক্ষক কর্মরত রয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৫ জন।