নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির ধীরে ধীরে বড় পর্দার জন্য নিজেকে প্রস্তুত করছেন। টিভি নাটকে ব্যস্ত সময় পার করলেও ওটিটি প্ল্যাটফর্মেও তার উপস্থিতি ছিল—তবে সংখ্যায় কম। সাম্প্রতিক সময়ে কাজের সংখ্যা আরও কমেছে, যার পেছনে কারণ হিসেবে ভিন্নধর্মী গল্পের অভাবকে দায়ী করেছেন তিনি।
পক্ষকাল আগে বরিশালের বিভিন্ন লোকেশনে একটি নাটকের শুটিং শেষ করেছেন সাফা। এরপর আর কোনো নতুন নাটকে তাকে দেখা যায়নি। এ বিষয়ে সাফা বলেন,
“কাজের প্রস্তাব অনেক আসে, কিন্তু গল্পে নতুনত্ব পাই না। প্রায় সবই একই ধরনের ও ট্রেন্ডি গল্প—যেখানে কাজ করতে ইচ্ছা করে না। তাই কাজ কমিয়ে দিয়েছি। বিরতি নিয়ে ভালো কিছু করতে চাই।”
সর্বশেষ ‘সন্ধি’ ও ‘কেন এই সঙ্গতা’—এই দুটি নাটক থেকে বেশ প্রশংসা পেয়েছেন সাফা। এমন গল্পেই কাজ করতে চান তিনি, তবে বর্তমানে তেমন প্রস্তাব না পাওয়ায় নিজেই বিরতিতে আছেন বলে জানিয়েছেন।
এদিকে, সাফার সমসাময়িক অনেক শিল্পী এরই মধ্যে সিনেমায় কাজ শুরু করেছেন। দীর্ঘদিন বড় পর্দা নিয়ে দ্বিধায় থাকলেও এবার সাফা জানালেন, তিনি পুরোপুরি প্রস্তুত।
“আমি এখন সিনেমায় কাজ করার জন্য একদম প্রস্তুত,” বলেন সাফা। “তবে মাল্টিকাস্টিং নয়—এমন কোনো একক গল্প খুঁজছি, যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ থাকবে। ভালো গল্প পেলেই বড় পর্দায় কাজ শুরু করব।”



