tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিপ্রবৃদ্ধি ৪.৭%, মূল্যস্ফীতি বাড়বে ৯.২ শতাংশে: আইএমএফের পূর্বাভাস

প্রবৃদ্ধি ৪.৭%, মূল্যস্ফীতি বাড়বে ৯.২ শতাংশে: আইএমএফের পূর্বাভাস

বিশ্বব্যাংক ও এডিবির পর এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)ও চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৭ শতাংশে সীমিত থাকতে পারে। আগামী ২০২৬-২৭ অর্থবছরে তা আরও কমে ৪.৩ শতাংশে নামতে পারে।

মঙ্গলবার প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে এ পূর্বাভাস তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভা চলাকালে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে আইএমএফের গবেষণা বিভাগের পরিচালক পিয়েরে-অলিভিয়ে গুরনিয়ঁস বিভিন্ন দিক তুলে ধরেন। ১৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল অংশ নিচ্ছে।

এর আগে, গত বছরের অক্টোবরে আইএমএফ ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ হতে পারে বলে আভাস দিয়েছিল। তবে সর্বশেষ পূর্বাভাসে তা কমানো হয়েছে। যদিও বিশ্বব্যাংক ও এডিবির তুলনায় আইএমএফের পূর্বাভাস এখনও কিছুটা বেশি।

বিশ্বব্যাংক তাদের সাম্প্রতিক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে জানিয়েছে, বৈশ্বিক অস্থিরতা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরান সংশ্লিষ্ট উত্তেজনার প্রভাবে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৯ শতাংশে নেমে আসতে পারে। সংস্থাটি আগেও দুই দফায় তাদের পূর্বাভাস কমিয়েছে—অক্টোবরে ৪.৮ শতাংশ থেকে জানুয়ারিতে ৪.৬ শতাংশে।

অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে বলে জানিয়েছে, যা আগের ৫ শতাংশ পূর্বাভাসের তুলনায় কম।

আইএমএফ বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে পড়েছে, যার প্রভাব পড়ছে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবৃদ্ধিতে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে নেমে এসেছে। তবে প্রথম প্রান্তিকের সংশোধিত হিসাব অনুযায়ী প্রবৃদ্ধি ৪.৯৬ শতাংশ হয়েছে, যা প্রাথমিক হিসাবে ছিল ৪.৫ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪.২২ শতাংশ।

এদিকে বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে মূল্যস্ফীতির পূর্বাভাসও বাড়িয়েছে আইএমএফ। সংস্থাটি বলছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ৯.২ শতাংশে পৌঁছাতে পারে, যা আগের পূর্বাভাস ছিল ৮.৭ শতাংশ। তবে ২০২৬-২৭ অর্থবছরে তা কমে ৬ শতাংশে নামতে পারে।

বিবিএসের সর্বশেষ তথ্যে দেখা যায়, মার্চ মাসে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশে নেমেছে। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে তা ১১.৬৬ শতাংশে উঠেছিল। যদিও চলতি অর্থবছরের বাজেটে সরকার গড় মূল্যস্ফীতি ৬.৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছিল, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তা অর্জন কঠিন হয়ে উঠতে পারে।

আইএমএফের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত বৈশ্বিক প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করতে পারে।