কারাগারে থেকেও বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের অনুমতি চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন ব্যারিস্টার সুমন। তার পক্ষে বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. লিটন আহমেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেন।
রিটে উল্লেখ করা হয়েছে, বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে করা আবেদনটি কেন দ্রুত নিষ্পত্তি করা হবে না—এ মর্মে রুল জারি এবং নির্ধারিত সময় পার হলেও মনোনয়নপত্র গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। বিষয়টি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উঠতে পারে। এতে বাংলাদেশ সরকার, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের সচিব এবং ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, ব্যারিস্টার সুমন একজন আইনমান্যকারী নাগরিক এবং সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তার সাংবিধানিক ও আইনগত অধিকার সংরক্ষণের লক্ষ্যে এই রিট করা হয়েছে। গত ৭ এপ্রিল প্রকাশিত গেজেট অনুযায়ী, বার কাউন্সিল নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৬ এপ্রিল এবং ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল। নির্বাচনে অংশ নিতে আগ্রহী হলেও বর্তমানে কারাগারে থাকায় তিনি নিজে মনোনয়নপত্রে স্বাক্ষর করতে পারছেন না।
আইনজীবী মো. লিটন আহমেদ জানান, প্রার্থী হওয়ার জন্য নির্ধারিত ফরমে ব্যারিস্টার সুমনের স্বাক্ষর বাধ্যতামূলক। এ কারণে তার স্বাক্ষর গ্রহণের ব্যবস্থা করতে ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর ২২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ-৪ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি কারাগারে থাকলেও বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।



