ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য “পোস্টাল ভোট বিডি” অ্যাপে প্রবাসী নিবন্ধনের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী নিবন্ধন করেছেন মোট ৫ লাখ ৭৫ হাজার ২৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৩৮ হাজার ৮০৮ জন এবং নারী ভোটার ৩৬ হাজার ৪৫৯ জন।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট সংক্রান্ত ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
এবারই প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটাররাও ভোট দিতে পারবেন। এ জন্য নির্ধারিত অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
বর্তমানে যেসব দেশে প্রবাসী নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ আরও কয়েকটি দেশ।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধন সম্পন্নকারীদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন।



