বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়িত্ব পালন করছেন।
বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। ওইদিন তার বয়স ৬৭ বছর পূর্ণ হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন এক–দুদিনের মধ্যেই আইন মন্ত্রণালয় থেকে জারি করা হতে পারে।
এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, এখন পর্যন্ত নতুন প্রধান বিচারপতি নিয়োগের কোনো গেজেট প্রকাশ হয়নি। তবে আগামী রোববার নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের প্রস্তুতি রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের বার্ষিক ছুটি চলমান থাকায় গত বৃহস্পতিবার ছিল তার কর্মজীবনের শেষ কার্যদিবস। রীতি অনুযায়ী ওইদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়।



