তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য অফিসার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।
রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা ত্যাগ করতে হবে। অন্যান্য শর্তাবলি নির্ধারিত চুক্তিপত্রের মাধ্যমে চূড়ান্ত করা হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
প্রসঙ্গত, সৈয়দ আবদাল আহমদ দেশের সাংবাদিকতা অঙ্গনের একটি পরিচিত মুখ। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে মূলধারার সাংবাদিকতায় সক্রিয় থেকে তিনি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলোতে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সাংবাদিকদের অধিকার আদায় ও প্রেস ক্লাবের উন্নয়নে তার ভূমিকা উল্লেখযোগ্য।
উল্লেখ্য, প্রধান তথ্য অফিসার (পিআইও) পদটি তথ্য অধিদপ্তরের সর্বোচ্চ প্রশাসনিক পদ। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় এবং রাষ্ট্রীয় তথ্য ব্যবস্থাপনায় এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। সংশ্লিষ্টরা মনে করছেন, সৈয়দ আবদাল আহমদ-এর এ নিয়োগ তথ্য প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সেতুবন্ধন আরও জোরদার করবে।



