জ্বালানি তেল বিক্রিতে বিদ্যমান কমিশন কাঠামো পরিবর্তন করে তা ৯ শতাংশে উন্নীত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, বর্তমান কমিশনে পেট্রোল পাম্প পরিচালনার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে অধিকাংশ পাম্পে দৈনিক ২ হাজার থেকে ৪ হাজার লিটার জ্বালানি বিক্রি হওয়ায় আয় দিয়ে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, লাইসেন্স ফি ও অন্যান্য পরিচালন ব্যয় বহন করা যাচ্ছে না।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে কমিশন ৯ শতাংশে পুনর্নির্ধারণের এ দাবি জানানো হয়। সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত চিঠিতে বর্তমান বাজার পরিস্থিতি, মুদ্রাস্ফীতি, ব্যাংকঋণের সুদহার, শ্রমিকদের মজুরি এবং পাম্প পরিচালনার ব্যয় বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়েছে। পাশাপাশি কমিশন পুনর্নির্ধারণ নিয়ে আলোচনার জন্য নির্দিষ্ট তারিখ নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ২০ সেপ্টেম্বরের গেজেট অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার ডিজেলের খুচরা মূল্য ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারিত রয়েছে। বিপরীতে ডিলার ও এজেন্টদের কমিশন নির্ধারণ করা হয়েছে ডিজেলে ৩ টাকা ৭১ পয়সা, কেরোসিনে ৩ টাকা ২ পয়সা, অকটেনে ৬ টাকা ৭২ পয়সা এবং পেট্রোলে ৬ টাকা ৬১ পয়সা।
সংগঠনটির ভাষ্য, নির্ধারিত কমিশনের মধ্যেই জ্বালানি তেলের অবচয়সহ সংশ্লিষ্ট সব খরচ অন্তর্ভুক্ত রয়েছে। ফলে পরিবহন, তেল ওঠানো-নামানো, হ্যান্ডলিং এবং মজুদের সময় স্বাভাবিক বাষ্পীভবনজনিত ক্ষতি সমন্বয়ের পর পাম্প মালিকদের প্রকৃত আয় আরও কমে যায়। এতে ব্যবসার ঝুঁকি সামলানোর পাশাপাশি নিয়মিত পরিচালন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে।
পাম্প মালিকদের আয়-ব্যয়ের একটি চিত্রও চিঠিতে তুলে ধরেছে সংগঠনটি। এতে বলা হয়, দেশের অধিকাংশ পাম্পে প্রতিদিন ২ হাজার থেকে ৪ হাজার লিটার জ্বালানি তেল বিক্রি হয়। গড়ে দৈনিক ৩ হাজার লিটার বিক্রির একটি পাম্পের হিসাব অনুযায়ী, ২ হাজার লিটার ডিজেল, ৫০০ লিটার অকটেন ও ৫০০ লিটার পেট্রোল বিক্রি করে বর্তমান কমিশন হারে দৈনিক আয় হয় ১৪ হাজার ৯৫ টাকা। সে হিসাবে মাসে কমিশন থেকে মোট আয় দাঁড়ায় প্রায় ৪ লাখ ২২ হাজার ৮৫০ টাকা।
অন্যদিকে, একটি পেট্রোল পাম্প পরিচালনায় মাসে স্থায়ী ব্যয় হয় প্রায় সাড়ে ৩ লাখ থেকে সাড়ে ৪ লাখ টাকা। এর মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের লাইসেন্স ও নবায়ন ফি, বিদ্যুৎ ও জেনারেটর খরচ, ডিসপেন্সার যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যয় রয়েছে।
সংগঠনটির দাবি, আগে যেখানে দুটি লাইসেন্সের প্রয়োজন হতো, বর্তমানে সেখানে ১০টি পৃথক দপ্তর থেকে লাইসেন্স নেওয়া ও নবায়নের খরচ বহন করতে হচ্ছে। ফলে জ্বালানি তেলের অবচয়সহ অন্যান্য ব্যয় হিসাব করলে অনেক পাম্পের আয়-ব্যয়ের ভারসাম্য থাকছে না। কোনো কোনো পাম্পকে লোকসানেও পড়তে হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, পরিচালন ব্যয় মেটানোর পাশাপাশি কর্মচারীদের নিয়মিত বেতন দেওয়া এবং ব্যাংকঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে পাম্প মালিকদের ওপর আর্থিক চাপ বাড়ছে। এ অবস্থায় ন্যায্য কমিশন নিশ্চিত করা না হলে জ্বালানি তেল বিপণন কার্যক্রমে অনিয়ম ও কারচুপির ঝুঁকি তৈরি হতে পারে। তাই জ্বালানি খাতে স্বচ্ছতা, ভোক্তাদের অধিকার এবং নিরাপদ সরবরাহব্যবস্থা বজায় রাখতে পাম্প মালিকদের জন্য বাস্তবসম্মত কমিশন কাঠামো নির্ধারণ জরুরি বলে মনে করছে সংগঠনটি।
সংগঠনটি আরও জানিয়েছে, জ্বালানি তেল অত্যাবশ্যকীয় পণ্য হওয়ায় জনভোগান্তি তৈরি হয়, এমন কোনো কর্মসূচিতে যেতে চায় না তারা। বরং আলোচনা, তথ্য-উপাত্ত এবং আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যমান সংকটের স্থায়ী সমাধান প্রত্যাশা করছে। এ জন্য বিপিসি ও জ্বালানি বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।



