তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের পঞ্চম সভা আজ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এই মজুরি ১২ হাজার ৫০০ টাকা।
বোর্ডের আলোচনায় সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনটি গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ গ্রেড-১-এর শ্রমিকদের নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর মজুরি বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।
এ ছাড়া সিদ্ধান্ত হয়েছে, প্রতিটি গ্রেডের শ্রমিকের বিদ্যমান মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে নির্ধারিত নিম্নতম মজুরির সঙ্গে অন্তত দুই হাজার টাকা সমন্বয় করা হবে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার দীর্ঘ আলোচনায় মালিকপক্ষ শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকা প্রস্তাব করে। তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে আখ্যা দেন শ্রমিক প্রতিনিধিরা।
দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ধরনের ব্যবধান থাকায় সেদিন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয় পক্ষ নিজেদের প্রস্তাব পুনর্বিবেচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়।
উল্লেখ্য, গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।



