রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তার মা ও স্ত্রী প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পুলিশের ৩৭তম ব্যাচের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের মা এবং তার স্ত্রী আফরোজা আকতার।
এসআই মেহেদী হাসান জানান, রাতে পূর্বাচল ৩০০ ফিট সড়ক পার হচ্ছিলেন তার মা ও স্ত্রী। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসক মেহেদীর মাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আফরোজা আকতারকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) তার মৃত্যু হয়।
মেহেদী হাসান জানান, ঢাকা জেলার কদমতলী থানার শ্রীধারা এলাকায় তাদের বাসা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাতে আফরোজা আকতারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
পরিদর্শক হাবিবুর রহমান আরও জানান, একই ঘটনায় কুর্মিটোলা হাসপাতালে আরও এক নারী মারা গেছেন। পরে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



