হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ববিরোধের জেরে জায়দুল মিয়া (২৭) নামে এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মন্দরি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
নিহত জায়দুল মিয়া মন্দরি গ্রামের লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জায়দুল মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের আব্দুল মজিদের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে জায়দুলকে একা পেয়ে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করেন।
একপর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে উপর্যুপরি কুপিয়ে ও ছুরিকাঘাত করা হয়। এতে জায়দুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



