জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য এলএলবি পরীক্ষার ফি কমানো হয়েছে। ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব এবং ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। এতে তাত্ত্বিক পত্রপ্রতি পরীক্ষার ফি কমানোর পাশাপাশি ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার নতুন সময়সূচি জানানো হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় তাত্ত্বিক পত্রপ্রতি ফি ১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্র ফি ২ হাজার টাকা এবং মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার ফি ৯০০ টাকা করা হয়েছে। এর কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। এছাড়া কেন্দ্র ফি ৮০০ টাকা এবং ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদপত্রের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
২০২০-২০২১ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি রাখা হয়েছে ৫ হাজার টাকা।
অন্যদিকে, ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষায় পত্রপ্রতি পরীক্ষার ফি ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্র ফি ২ হাজার টাকা, ট্রান্সক্রিপ্ট ফি ৫০০ টাকা এবং কেন্দ্র ফি ৮০০ টাকা রাখা হয়েছে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।
ফরম পূরণের নতুন সময়সূচি
সংশোধিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। এরপর ২১ ও ২২ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি ও নিশ্চয়ন করবে।
আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় পরীক্ষার ফি জমা দিতে হবে। ‘সোনালী সেবা’ ছাড়া অন্য কোনো মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে না বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
যেভাবে আবেদন ফরম সংগ্রহ
পরীক্ষার আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ems.nu.ac.bd থেকে সংগ্রহ করতে হবে। অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণের পর ফরমের প্রিন্ট কপি যাচাই করে কলেজের অধ্যক্ষের স্বাক্ষর নিতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করতে হবে।
ফরম পূরণের সময় বিষয় কোডসহ সব তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করে দেওয়ার নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং প্রবেশপত্র বিতরণের তারিখ পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।



