tanaka
প্রচ্ছদঅন্যান্যপূজায় ৩ দিনের সরকারি ছুটি সহ ৪ দাবি হিন্দু মহাজোটের

পূজায় ৩ দিনের সরকারি ছুটি সহ ৪ দাবি হিন্দু মহাজোটের

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আসন্ন শারদীয় দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন (অষ্টমী, নবমী ও দশমী) ঘোষণাসহ ৪ দফা দাবি জানিয়েছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে “দুর্গাপূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো—
১. দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন (অষ্টমী, নবমী ও দশমী) ঘোষণা।
২. প্রত্যেকটি পূজা মন্দিরে সরকারি খরচে সিসি ক্যামেরা স্থাপন এবং পূজার অন্তত ১০ দিন আগে থেকে নিরাপত্তা জোরদার।
৩. গত বছরের মতো দুর্গাপূজায় সেনাবাহিনীর টহল নিশ্চিত করা।
৪. পূজার নিরাপত্তা জোরদারে কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং সেল গঠন।

লিখিত বক্তব্যে মহাজোটের মুখপাত্র ও নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে বলেন, “পাঁচ দিনের দুর্গাপূজায় মাত্র দুই দিন সরকারি ছুটি থাকায় হিন্দু সম্প্রদায়ের অনেকেই শুরু থেকে শেষ পর্যন্ত পূজায় অংশ নিতে পারেন না। এজন্য আমরা দীর্ঘদিন ধরে ৩ দিনের সরকারি ছুটি দাবি করে আসছি।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “নির্বাচন ও পূজা ঘিরে অতীতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে কয়েকটি জেলায় প্রতিমা ভাঙচুর হয়েছে। এবারও পূজা মণ্ডপগুলো সাম্প্রদায়িক শক্তির লক্ষবস্তু হতে পারে।”

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়। এছাড়া বিএনপি নেতা আসলাম চৌধুরী, গণফোরামের সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা মনিন্দ্র কুমার দেবনাথসহ অনেকে উপস্থিত ছিলেন।