tanaka
প্রচ্ছদজাতীয়ব্রিটিশ গণমাধ্যমে টিউলিপ সিদ্দিককে ঘিরে বিতর্ক

ব্রিটিশ গণমাধ্যমে টিউলিপ সিদ্দিককে ঘিরে বিতর্ক

যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক দুর্নীতিবিরোধী প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র থাকার খবর নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশি মা–বাবার ঘরে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন টিউলিপ। তবে ২০১৭ সালে তিনি প্রকাশ্যে বলেছিলেন, “আমি ব্রিটিশ, বাংলাদেশি নই”—যা পরবর্তীতে মিথ্যাচার হিসেবে দেখা দিয়েছে।

ডেইলি মেইল জানিয়েছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের নামে ইস্যুকৃত বাংলাদেশি পাসপোর্ট ও পরিচয়পত্রের প্রমাণ তার আগের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। ঢাকায় প্রাপ্ত রেকর্ড অনুসারে, তিনি ১৯ বছর বয়সে প্রথম পাসপোর্ট পান এবং ২০১১ সালের জানুয়ারিতে জাতীয় পরিচয়পত্রও ইস্যু করা হয়।

পাসপোর্ট ডেটাবেজ অনুযায়ী, ২০১১ সালে ঢাকার আগারগাঁও অফিসে তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেছিলেন। নির্বাচন কমিশনের ডেটাবেজেও তার ভোটার নিবন্ধন নম্বর রয়েছে, যা দিয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ রয়েছে।

ডেইলি মেইলে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে দুর্নীতি মামলার খবর প্রকাশিত হওয়ার পর গত জানুয়ারিতে প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন টিউলিপ। যদিও কোনো ধরনের অনিয়মের অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

বর্তমানে টিউলিপ, তার মা রেহানা এবং যুক্তরাজ্যে থাকা দুই ভাইবোনের বিরুদ্ধে ঢাকার পূর্বাচলে অবৈধ প্লট বরাদ্দ নেওয়ার মামলার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন জানিয়েছেন, টিউলিপের নামে ইস্যুকৃত বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ‘আসল’।

অন্যদিকে, টিউলিপের মুখপাত্র দাবি করেছেন—বাংলাদেশি কর্তৃপক্ষ কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। তাদের অভিযোগ, জাল নথি ব্যবহার করে কথিত বিচারিক প্রক্রিয়াকে বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে। টিউলিপ কখনোই বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট পাননি বলেও তারা দাবি করেন।

এর আগে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে ৭ লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাট ‘উপহার’ পাওয়ার অভিযোগ ওঠে। এ নিয়েই তীব্র সমালোচনার মধ্যে ২০২৫ সালের জানুয়ারিতে সিটি মিনিস্টারের পদ থেকেও পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক।

এর মাত্র ছয় মাস আগে, ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। পরমাণু প্রকল্প ও ‘উপহারের ফ্ল্যাট’ ঘিরে টিউলিপ ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্রিটিশ গণমাধ্যমে বড় বিতর্ক তৈরি হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈতিকতা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস মন্তব্য করেন—টিউলিপ যদি তার পরিবারের বাংলাদেশি রাজনৈতিক যোগাযোগ থেকে আসা সম্ভাব্য “সম্পদের ঝুঁকি” সম্পর্কে আরও সচেতন হতেন, তবে তার জন্য তা মঙ্গলজনক হতো।