tanaka

রিয়াদে হামলার সতর্কতা জারির পরপরই বিস্ফোরণের শব্দ

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পরপরই ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।...
প্রচ্ছদসারাদেশপুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এক পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (১৭ জুন) দুপুরে তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে সোলার পার্কসংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। অভিযুক্তরা হলেন সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মিত্র এবং তার স্ত্রী পপি মিত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, পপি মিত্রও একই থানায় কর্মরত।

নির্যাতনের শিকার গৃহকর্মী মিলনের বাড়ি নরসিংদীতে। বাবা-মা মারা যাওয়ার পর ছোটবেলা থেকেই তিনি ওই পরিবারের সঙ্গে থেকে কাজ করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসার বারান্দায় মিলনকে কান ধরে ওঠবস করানো হচ্ছিল এবং লাঠি দিয়ে মারধর করা হচ্ছিল। খবর পেয়ে এক সংবাদকর্মী ও কয়েকজন নারী সংগঠনের প্রতিনিধি ঘটনাস্থলে গেলে প্রথমে তাদের বাসায় প্রবেশে বাধা দেওয়া হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে আরও সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা সেখানে উপস্থিত হন।

একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলনকে উদ্ধার করে সোনাডাঙ্গা থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়।

উদ্ধারের পর মিলনের শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তি ও কড়াইয়ের ছ্যাঁকার চিহ্ন দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার শরীরে পুরোনো নির্যাতনের একাধিক দাগও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গৃহকর্মীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত পুলিশ সদস্যদের থানায় আনা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং পরবর্তী সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবে।