২০২৬ বিশ্বকাপে এখনো জয়ের দেখা পায়নি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে কিছুটা চাপে রয়েছে কোচ কার্লো আনচেলত্তির দল। সেই ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি দলের অন্যতম তারকা ফুটবলার নেইমার। তবে ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে স্বস্তির খবর—অনুশীলনে ফিরেছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।
বুধবার (১৭ জুন) প্রথমবারের মতো দলের অনুশীলনে অংশ নেন সান্তোস তারকা। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, যে পায়ের চোটের কারণে তিনি মাঠের বাইরে ছিলেন, সেটির নতুন করে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলও আগের তুলনায় ইতিবাচক এসেছে।
অনুশীলনে ফিরেই সতীর্থদের উষ্ণ অভ্যর্থনা পান নেইমার। দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে তাকে হাস্যোজ্জ্বল পরিবেশে সময় কাটাতেও দেখা যায়। তবে অনুশীলনে ফিরলেও হাইতির বিপক্ষে পরবর্তী ম্যাচে তার খেলার সম্ভাবনা এখনো খুব বেশি নয়।
নেইমারের অনুশীলনের ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল দলের অফিসিয়াল অ্যাকাউন্ট। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘আমাকে কি মিস করছিলে?’ পোস্টটি প্রকাশের পর ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করে নানা মন্তব্য করেন।
ব্রাজিল টিম ম্যানেজমেন্টের মূল লক্ষ্য নেইমারকে পুরোপুরি ফিট করে তোলা। যাতে কোনো ধরনের ঝুঁকি ছাড়াই তিনি দ্বিতীয় রাউন্ড তথা নকআউট পর্বে দলের হয়ে মাঠে নামতে পারেন। তাই হাইতির বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রামে রাখার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।



