পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। এ দফায় অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ২১ জন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রদবদলের অংশ হিসেবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া মো. মুশফেকুর রহমানকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে এনএসআইয়ের পরিচালক থেকে পদোন্নতিপ্রাপ্ত ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি হিসেবে এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে ঢাকায় পদায়ন করা হয়েছে।
এ ছাড়া প্রলয় চিসিমকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) নোয়াখালীর ডিআইজি এবং সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়ে ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে পিটিসি রংপুরে এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি একেএম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামানকে র্যাবে অতিরিক্ত ডিআইজি হিসেবে এবং এসবির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) এ কে এম আক্তারুজ্জামানকে পুলিশ সদর দপ্তরে একই পদে বদলি করা হয়েছে।
দ্বিতীয় এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কুতুব উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুনকে দ্বিতীয় এপিবিএনের ময়মনসিংহের মুক্তাগাছা ইউনিটের অধিনায়ক করা হয়েছে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়া, রাঙ্গামাটির কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) এবং অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহীতে পদায়ন করা হয়েছে।
নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে পিটিসি রংপুরে অতিরিক্ত ডিআইজি হিসেবে এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে পুলিশ সদর দপ্তরে এবং এসবির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহের কমান্ড্যান্ট পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এবং পুলিশ টেলিকম, ঢাকার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।



