রাজধানীর শেরেবাংলানগরে পুলিশি চেকপোস্টে একটি ব্যাগ তল্লাশি করে ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে শেরেবাংলানগর থানা পুলিশ। টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে না পারায় মো. ইসরাফিল (২৫) ও সালমা আক্তার ঝর্ণা (৪০) নামে দুজনকে আটক করা হয়েছে।
শেরেবাংলানগর থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, বুধবার (১৯ আগস্ট) রাতে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনার সময় একটি রিকশা থামিয়ে যাত্রীর বহন করা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
টাকার বিষয়ে জানতে চাইলে রিকশার যাত্রী মো. ইসরাফিল টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি। পরে সালমা আক্তার ঝর্ণা নামে এক নারী ঘটনাস্থলে এসে উদ্ধার করা টাকা নিজের বলে দাবি করেন। তবে তিনিও টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি।
পুলিশ জানায়, উদ্ধার করা ২৫ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে মো. ইসরাফিল ও সালমা আক্তার ঝর্ণার বিরুদ্ধে শেরেবাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।



