tanaka

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯...
প্রচ্ছদজাতীয়পিলখানা ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়: সেনাপ্রধান

পিলখানা ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়: সেনাপ্রধান

পিলখানা ট্র্যাজেডিকে বাংলাদেশের ইতিহাসের এক নজিরবিহীন ও গভীর কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদস্যদের হাতে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে বহু নিরপরাধ সেনা কর্মকর্তা প্রাণ হারান—যা জাতির ইতিহাসে এক বেদনাবিধুর ও লজ্জাজনক দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সেনানিবাসের মাল্টিপারপাস হলে পিলখানা হত্যাকাণ্ডের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। সেনাপ্রধান বলেন, ওই ঘটনার পর শহীদ পরিবারগুলোর যে সংগ্রামী পথচলা শুরু হয়, তা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও হৃদয়বিদারক। শহীদ সেনা সদস্যদের সন্তানরা জীবনের গুরুত্বপূর্ণ সময়ে পিতামাতার স্নেহ-মমতা থেকে বঞ্চিত হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, শহীদদের প্রতিটি সন্তানই আমাদের সন্তান। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ তুলে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, মুক্তিযুদ্ধের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ–এর মধ্যে যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তা আজও অটুট রয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে উভয় বাহিনী সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির মতো মর্মান্তিক ঘটনা যেন আর কখনো পুনরাবৃত্তি না ঘটে—এ বিষয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে ঐতিহাসিক গুরুত্ব বহনকারী হিসেবে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, তাঁর উপস্থিতি পিলখানায় শাহাদাতবরণকারী সেনা সদস্যদের পরিবারে নতুন করে আস্থা ও আশার সঞ্চার করেছে। সদ্য দায়িত্ব গ্রহণ করা সত্ত্বেও দেশের ব্যস্ত সময়সূচির মধ্যে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সেনাসদরের এজি শাখা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সেনাবাহিনী প্রধান।