ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বিরোধ ও উত্তেজনার কারণে ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও পররাষ্ট্র সচিব এক জরুরি বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যালোচনা করেন। বৈঠককালে তারা তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গেও টেলিফোনে আলোচনা করেন।
আকাশপথ ও আকাশসীমা সাময়িক বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি কর্মীদের যাতায়াত ব্যাহত হয়েছে। সরকার ইতোমধ্যেই সংশ্লিষ্ট দেশগুলোর কাছে অনুরোধ জানিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। দেশের বিভিন্ন বিমানবন্দরে অবস্থানরত কর্মীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করছে এবং মধ্যপ্রাচ্যের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।
বাংলাদেশ তেহরানে অবস্থিত মিশনের স্থাপনা, কূটনীতিক ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইরানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সুরক্ষায়ও কার্যক্রম শুরু করেছে।
সরকার বলেছে, মধ্যপ্রাচ্যে আলোচনার ব্যর্থতা ও বিরোধের তীব্রতা গভীর উদ্বেগের বিষয়। বাংলাদেশ পুনর্ব্যক্ত করছে, প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সম্মান করা জরুরি। সংঘাত স্থায়ী সমাধান বয়ে আনে না; সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিই শান্তিপূর্ণ সমাধানের পথ।
বাংলাদেশ সব পক্ষকে সংযম, উত্তেজনা পরিহার ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা ও সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে।



