পাবনার সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে যুবদল নেতা মেহেদী মাসুদ পাভেল মোল্লা (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় ইমরান সজিব মোল্লা (২৫) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সজিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাষ্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আহত সজিব একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে। তারা দু’জন চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামানিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতে ইসলামপুর ব্রিজের কাছে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় পাভেল ও সজিব মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পূর্ব বিরোধ থেকেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।



