পানি নিয়ে ভারতের যেকোনো একতরফা পদক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তান শান্তিপ্রিয় দেশ হলেও পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার কোনো উদ্যোগ ইসলামাবাদ মেনে নেবে না।
ইসলামাবাদের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আতাউল্লাহ তারার বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি (ইন্দাস ওয়াটার ট্রিটি) একতরফাভাবে বাতিল বা স্থগিত করার সুযোগ নেই। তার দাবি, আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়াতেও পাকিস্তানের অবস্থানের পক্ষে সিদ্ধান্ত এসেছে এবং চুক্তিটি এখনো কার্যকর রয়েছে। ফলে ভারতকে চুক্তির আওতায় বিতর্কিত জলবিদ্যুৎ প্রকল্পগুলোর কার্যক্রম স্থগিত রাখতে হবে।
কাশ্মীরে গত বছর ঘটে যাওয়া একটি ঘটনার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়। ওই ঘটনার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ অবশ্য ইসলামাবাদ শুরু থেকেই অস্বীকার করে আসছে।
পাকিস্তানের এই মন্ত্রী বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণেও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্পষ্ট করেছেন যে সিন্ধু পানি চুক্তি দুই দেশের মানুষের জন্য একটি ‘জীবনরেখা’। পাকিস্তানের পানির অধিকার কেড়ে নেওয়ার যেকোনো প্রচেষ্টাকে ইসলামাবাদ যুদ্ধের শামিল হিসেবে বিবেচনা করবে বলেও তিনি উল্লেখ করেন।
আতাউল্লাহ তারার আরও বলেন, কোনো দেশ যদি আন্তর্জাতিক চুক্তি একতরফাভাবে স্থগিত বা ঝুলিয়ে রাখার সুযোগ পায়, তাহলে তা শুধু ভারত-পাকিস্তান সম্পর্কের জন্য নয়, বিশ্বব্যাপী অভিন্ন নদী ও পানি ব্যবস্থাপনার ক্ষেত্রেও গুরুতর ঝুঁকি তৈরি করবে।
এ কারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আন্তর্জাতিক চুক্তি ও পানি ব্যবস্থাপনার নীতিমালা সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
সূত্র: জিও টিভি



