tanaka
প্রচ্ছদজাতীয়আজ প্রথমবারের মতো ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ প্রথমবারের মতো ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী এ সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক সরকারি ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ফেনীতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পাশাপাশি তাঁর যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশেও জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। মহাসড়কের এ অংশে গড়ে তোলা হয়েছে চার স্তরের নিরাপত্তাবলয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, প্রধানমন্ত্রীর চলাচলের পথে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১ হাজার ২৫০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

সফরসূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এরপর ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত রুফটপ সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দুপুর সোয়া ১টার দিকে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর দেড়টার দিকে সেখানে পৌঁছে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

পরে দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে রুফটপ সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হবে। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি ভাতা প্রদান কার্যক্রমেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।