পুলিশ বিভাগের পাঁচজন ডিআইজি পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র জমা দিতে হবে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন— সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
অন্যদিকে, সরকার সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে মো. সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পরিষদে মো. শরীফুজ্জামান এবং সাতক্ষীরা জেলা পরিষদে মো. হাবিবুল ইসলাম হাবিবকে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ সময় তারা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



