tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকপাকিস্তানে পৃথক অভিযানে ১১ ‘সন্ত্রাসী’ নিহতের দাবি নিরাপত্তা বাহিনীর

পাকিস্তানে পৃথক অভিযানে ১১ ‘সন্ত্রাসী’ নিহতের দাবি নিরাপত্তা বাহিনীর

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে ১১ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দক্ষিণ ওয়াজিরিস্তান, বান্নু ও খুজদার জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, দুই প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম দমনে অভিযান অব্যাহত রয়েছে।

নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় ‘ফিতনা-আল-খাওয়ারিজ’-এর বিরুদ্ধে একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে দুজন ‘সন্ত্রাসী’ নিহত হন। অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

একই প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানের লাধা এলাকায় পরিচালিত আরেক অভিযানে পাঁচজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই ব্যক্তিদের গতিবিধি শনাক্ত করার পর দ্রুত অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি আস্তানাও ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, বেলুচিস্তানের খুজদার জেলার সাসোল এলাকায় ‘ফিতনা-আল-হিন্দুস্তান’-এর বিরুদ্ধে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে আরও চারজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

নিরাপত্তা সূত্রের ভাষ্য, সাসোলে অভিযান পরিচালনার সময় সশস্ত্র ব্যক্তিদের লক্ষ্য করে কোয়াডকপ্টার ব্যবহার করা হয়। পুরো অভিযানে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের যাতে কোনো ক্ষতি না হয়, সে জন্য সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: সামা টিভি