tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনপরীমনির কোলে ফুটফুটে শিশু, ‘তিন নম্বর জন’ কে?

পরীমনির কোলে ফুটফুটে শিশু, ‘তিন নম্বর জন’ কে?

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা। শিশুটির পরিচয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্ত-অনুরাগীদের মধ্যে। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি অভিনেত্রী। তাঁর নীরবতায় রহস্য যেন আরও ঘনীভূত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিতে তাঁর কোলে দেখা যায় ফুটফুটে এক শিশুকে। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’

পরীমনির এমন ছবি ও ক্যাপশন প্রকাশের পরই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে—তবে কি আবারও মা হয়েছেন অভিনেত্রী? নাকি নতুন কোনো শিশুকে নিজের পরিবারের অংশ করে নিয়েছেন তিনি?

পোস্টের মন্তব্যের ঘরে এক নেটিজেন প্রশ্ন করেন, ‘আর কয়টা নিবেন?’ জবাবে পরীমনি লেখেন, ‘৯৭ ইনশাল্লাহ।’

শিশুদের প্রতি পরীমনির ভালোবাসার কথা অবশ্য নতুন নয়। নিজের সন্তানদের পাশাপাশি অন্য শিশুদের প্রতিও তাঁর মমত্বের কথা বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। একাধিকবার তিনি জানিয়েছেন, অনেক সন্তানের মা হতে চান। এমনকি একসময় ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।

এ কারণে নতুন ছবিটি প্রকাশের পর অনেকের ধারণা, হয়তো আরও একটি শিশুকে নিজের পরিবারের অংশ করে নিয়েছেন পরীমনি। তবে বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেননি অভিনেত্রী।

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাঁদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। পরে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই বড় করছেন পরীমনি। কয়েক বছর পর তিনি একটি কন্যাশিশুকে দত্তক নেন। তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটছে এই অভিনেত্রীর। অভিনয়ের পাশাপাশি অবসর সময়ের বড় একটি অংশ সন্তানদের সঙ্গে কাটান তিনি। মাঝেমধ্যেই সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

এদিকে নতুন ছবিতে দেখা যায়, গাড়িতে বসে রোদচশমা পরা পরীমনি পরিপাটি সাজে রয়েছেন। তাঁর কোলে ঘুমন্ত এক শিশু। ছবিটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভিড় করেন ভক্ত-অনুরাগীরা। কেউ তাঁকে অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ জানতে চেয়েছেন—কোলে থাকা শিশুটি আসলে কে?

তবে ‘তিন নম্বর জন’ বলতে পরীমনি কাকে বুঝিয়েছেন কিংবা কোলে থাকা শিশুটির পরিচয় কী—এ বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেননি অভিনেত্রী। ফলে তাঁর একটি ছবি ও ছোট্ট ক্যাপশন ঘিরেই আপাতত চলছে নানা জল্পনা।