পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “পবিত্র রমজান আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত সময়ে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য এবং ক্ষমা লাভের সুযোগ পাই। এটি আমাদের ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। রমজান আমাদের সততা, ন্যায়পরায়ণতা, পারস্পরিক সহমর্মিতা এবং দরিদ্র ও বঞ্চিতদের প্রতি দায়িত্ববোধ চর্চায় উদ্বুদ্ধ করে।
আসুন আমরা এই পবিত্র মাসের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে ভোগ বিলাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করি এবং ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি। মহান আল্লাহ যেন আমাদের সকল নেক আমল কবুল করেন, ক্ষমা ও হেফাজত দান করেন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি প্রদান করেন। আমিন।”



